জীববৈচিত্র সংরক্ষণে ঢাবিতে ফিল্ম প্রতিযোগিতা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩৭

জীব বৈচিত্র সংরক্ষনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণদের নিয়ে ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। স্পেলবাউন্ড কমিউনিকেশনের যৌথ আয়োজনে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই একটি মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের ফিল্ম প্রতিযোগিতার বিষয়ে ধারণা দেয়া হয় ও বাংলাদেশের জীববৈচিত্র নিয়ে আলোচনা করা হয়। সহযোগী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড এর কণর্ধার গাজী গোলাম জানান, পর্যায়ক্রমে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নথর্ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা নেয়া হবে। পরবর্তীতে নির্বাচিত একজনকে প্রামাণ্যচিত্র নির্মাণে সহায়তা করবে ইউএসএইড।

শেষে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২জনের নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্য থেকে ৩ জনকে ব্র্যাক ব্যাংকের অর্থায়নে পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানে ইউএসএইড এর প্রতিনিধি সুমাইয়া ফিরোজ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।