চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৩
 
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মকবুল দেওয়ান নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ঘোড়ামারা ব্রিজের নিকট পাঁচকপাট নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত মকবুল দেওয়ান (৫৫) নওগাঁ জেলার সাপাহার থানার কল্লোলপুর গ্রামের মৃত মাঙ্গুনিয়া দেওয়ানের ছেলে।
 
নিহতের প্রতিবেশী আশরাফুল ইসলাম ও জিআরপি পুলিশ জানায় , মকবুল দেওয়ান চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের নিকট পাঁচকপাট নামক স্থানে ট্রেনে কেটে পড়ে মারা যান। মকবুল ফরিদপুর জেলায় কাজের সন্ধানে একই এলাকার সাইদুর রহমানের সাথে গত বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হন।
 
নিহতের প্রতিবেশীরা নওগাঁর সাপাহার থানাকে বিষয়টি অবগত করেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশকে মকবুলের নিহত হওয়ার সংবাদ জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
রেলওয়ে পুলিশের এএসআই খোরশেদ আলম জানান, ধারণা করা হচ্ছে গতরাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে ট্রেন কাটা পড়ে মকবুল মারা যান।