নেপালে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৭
 
নেপালের দক্ষিণাঞ্চলে বুধবার প্রস্তাবিত নতুন সংবিধানের বিরোধিতাকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গুলি তাদের গুলি করে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
 
২০০৬ সাল থেকে দেশটিতে বেসামরিক লড়াই চলে আসছে। তবে সম্প্রতি ২৮ মিলিয়ন জনগোষ্ঠীর দেশটিকে সাতটি প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত নিয়ে নতুন সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ পদক্ষেপে দেশটির ভারত সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় এলাকায় অনেক মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।
 
তারা মনে করে, এটি বাস্তবায়ন হলে তাদের ছোট্ট অঞ্চলটি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং এ অংশগুলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বড় প্রদেশের সাথে একীভূত করা হবে।
 
এ দিকে, গত মাসে সংবিধানের খসড়া প্রকাশ করা হলে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে।
 
ও দিকে, বুধবার রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে মাহোতারি জেলার জালেশ্বর শহরে তিনজন বিক্ষোভকারী নিহত হয়।
 
পুলিশের কর্মকর্তা সৌরভ রানা বলেন—হাজার হাজার বিক্ষোভকারী তাদের তল্লাশি চৌকিতে লাঠি এবং পাথর ছুড়ে আক্রমণ করে। এতে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তিরা নিহত হন।
 
অন্য দিকে, এর কাছেই সাপতারি জেলায় শত শত বিক্ষোভকারী গুলতি দিয়ে পুলিশের ওপর হামলা চালালে সেখানেও একজন গুলিতে নিহত হন।