আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২০:২১
 
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধান আবুল বাশার ও মিডিয়া শাখার প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- আনসারুল্লাহ বাংলাটিমের বর্তমান প্রধান মো. আবুল বাশার, মিডিয়া শাখার প্রধান জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান। আবুল বাশার এ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা কারাবন্দি জঙ্গি নেতা জসিমউদ্দীন রাহমানির আপন ছোট ভাই।
 
র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত এই তিনজনও মুক্তমনা ব্লগার ড. অভিজিত্ রায় ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডে জড়িত। এর আগেও এই দুই চাঞ্চল্যকর খুনের ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সম্পাদনকারীসহ তিনজনকে র‌্যাব গ্রেফতার করে।
 

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি টিএসসি এলাকায় অভিজিত্ রায়কে এবং ১২ মে সিলেটের সুবিদবাজারে অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিজিত্ হত্যাকাণ্ডের মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও অনন্ত বিজয় দাস হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তদন্ত করছে।