স্কুলছাত্রীকে মারধর: যুবকের কারাদণ্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২১:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটে এক যুবক। এ সময় বখাটে যুবক ইলিয়াসকে (২২) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দেয়। ইলিয়াস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ছাতিয়ান গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার বুধল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় ইলিয়াস প্রায়ই উত্যক্ত করত। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা কোনো প্রতিকার পাননি। বরং বখাটে যুবক ইলয়াস আরো বেপরোয়া হয়ে ওঠে।
 
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে ইলিয়াস প্রকাশ্যে মারধর শুরু করে। এক পর্যায়ে ওই ছাত্রীর শরীরের কাপড় ছিঁড়ে ফেলে ইলিয়াস। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে ইলিয়াসকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে করে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
 
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।