শিক্ষার্থীদের ওপর হামলা : পুলিশ কর্মকর্তাসহ আহত ১০

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২২:২১
 
রাত সাড়ে ৮ টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একদল যুবক অতর্কিত হামলা চালিয়েছে। হামলাকারীরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ২৭ নম্বর সড়কে অবরোধের মধ্যে আটকে থাকা গাড়িগুলোতে ভাংচুর চালায়।
 
জানা যায়, এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গেও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছুড়ে মারা ইটের আঘাতে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সাহা আহত হয়েছেন। এ ছাড়া আরো অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
 
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হামলাকারী যুবকদের মধ্যে অনেকেই স্থানীয় ছাত্রলীগের কর্মী। তাদের হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা আরো অভিযোগ করে, হামলা চালানোর সময় যুবকরা ‘জয় বাংলা’ বলে শ্লোগান দেয়। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের ব্যানার ও প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তাদের শরীরের জামা টেনে হিঁচড়ে হেনস্থা করে।
 
এ ব্যাপারে পুলিশের উপ-কমিশনার বিপ্লব কুমার সাহা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাস্তায় আটকে পড়া জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারাই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শিবির কর্মীরা যানবাহনের ওপর হামলা চালায়।