গাজীপুরে বাস চাপায় নিহত ২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১০:৫৯
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর শুক্রবার সকালে বিআরটিসির একটি বাস চাপায় দুই সিএনজি অটো রিকশার আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছে। অপরদিকে, কালিয়াকৈররের হরতকিরচালা এলাকায় ট্রাকের ধাক্কায় মইক্রোবাস ও অটোরিক্সার পাঁচ যাত্রী আহত হয়।
 
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে একটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান সিএনজি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষ নিহত হন। এসময় সিএনজির ধাক্কায় আহত হয় আরো ৪ জন। 
 
নিহতরা হলেন- শ্রীপুরের ফরিদপুর গ্রামের ঈমান আলীর ছেলে আব্দুর রশীদ (৫৪) ও অজ্ঞাতনামা নারী। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিআরটিসির চালক পলাতক রয়েছেন।
 
মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুল ইসলাম দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে সড়ক চলাচল স্বাভাবিক হয়।
 
এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল সড়কের হরতকিরচালা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের তিনজন ও অটোরিকশার দুইজন যাত্রী আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।