আজ শুক্রবার সকাল থেকে আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। তিনটি পয়েন্টে নদী খননের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া নৌবন্দরের উপ-মহাব্যবস্থাপক আশিকুর রহমান ফেরি চলাচল বন্ধ রাখার তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি চলাচল বন্ধ রাখায় বিপদে পড়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বিকল্প পথে যাতায়াত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া নৌবন্দরের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান হোসেন জানান, মাদারীপুরের শিবচরের শিমুলিয়া ও মুন্সিগঞ্জের কাওরাকান্দি নৌপথে তিনটি পয়েন্টে নদী খননের কাজ চলছে। এগুলো হলো- লৌহজং, শিমুলিয়া ও মাগুরখণ্ড পয়েন্ট। এসব জায়গায় আটটি নদী খননযন্ত্র (ড্রেজার) বসানো হয়েছে।
এই নৌপথে মোট ১৮টি ফেরি চলাচল করে। নাব্য সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে তিনটি ফেরি চলছে।
