কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে ‘এক্সওএক্সসিওকে’ অধিগ্রহণ করল মাইক্রোসফট

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:২৮

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিয়ে মাইক্রোসফট অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বট উন্নয়ন প্রতিষ্ঠান এক্সওএক্সসিওকে অধিগ্রহণ করেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। টেক্সাসভিত্তিক এক্সওএক্সসিও প্রতিষ্ঠা হয়েছে ২০০৮ সালে। তবে ২০১৩ সাল থেকে কথোপকথনমূলক এআইয়ের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট অনেকদিন ধরেই নিজেদের এআই ও মেশিন লার্নিং সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি এআই খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অধিগ্রহণে জোর দিয়েছে। এক্সওএক্সসিওকে অধিগ্রহণের মাধ্যমে শুধু চলতি বছরেই এআই-সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করল মাইক্রোসফট। মাইক্রোসফটের কনভারসেশনাল এআই বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট লিলি চেং এক ব্লগ পোস্টে এআই প্রতিষ্ঠান অধিগ্রহণের কথা নিশ্চিত করেন।    সূত্র : ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস