‘গুলির ঘটনা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৫
 
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ব্যস্ত সড়কে মোটরযান আরোহীদের লক্ষ্য করে গুলির ঘটনাকে সরকারি কর্মকর্তারা ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন। খবর এএফপির।
 
অ্যারিজোনার জননিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ফ্রাঙ্ক মিলস্টিড বলেন, এ সব হামলার ঘটনা দেশের ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’।
 
তিনি এ ধরনের হামলাকারীকে ধরিয়ে দিতে সহযোগিতাকারীকে ২০ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দেন।
 
পুলিশ বলেছে, গত ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চরীয় এ রাজ্যের ইন্টেস্টেট ১০ সড়কে বা এর কাছে ১১ বার গুলির ঘটনা ঘটে। সর্বশেষ বৃহস্পতিবার সেখানে এমন গুলির ঘটনা ঘটে। ট্রেইলারের মতো একটি গাড়িতে এ হামলা চালানো হয়। সেখানে অপর একটি হামলার ঘটনায় তদন্ত চলছে। এ হামলারও রাস্তার হামলার ঘটনাগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুলির ঘটনায় গাড়ির কাচ ভেঙে এক কিশোরী আহত হয়।
 
অ্যারিজোনা রাজ্য পুলিশের মুখপাত্র বার্ট গ্রেভস বলেন, সেখানে এ ধরনের আতংকজনক হামলার ঘটনায় এক বা একাধিক চোরাগোপ্তা হামলাকারী জড়িত থাকতে পারে।
 
উল্লেখ্য, গত ২৯ আগস্ট প্রথম এ ধরনের হামলার ঘটনা ঘটে।