ইহান তার মামার কাছে বায়না ধরেছে ম্যাজিক শিখবে বলে। কারণ সে ক্লাসে গিয়ে তার বন্ধুদের ম্যাজিক দেখিয়ে অবাক করে দিতে চায়। তাই ইহানের মামা ইহানকে গণিতের একটি ম্যাজিক শেখাতে চাইল। সেজন্য ইহানের মামা তাকে কাগজ-কলম আনতে বলল এবং ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো একটি সংখ্যা অনুমান করে লিখে রাখতে বলল। এবং তার মামা নিজেও ১ থেকে ৯ পর্যন্ত একটি সংখ্যা অনুমান করে ছোট্ট একটি টুকরো কাগজে লিখে রাখল। কিন্তু কেউ কাউকে বলল না যে, কে কোন সংখ্যা অনুমান করেছে। ইহান অনুমান করেছিল ৫ এবং তার মামা অনুমান করেছিল ৩। তারপর তার মামা তাকে না দেখিয়ে ছোট্ট কিছু যোগ, বিয়োগ এবং গুণ করতে বলল। ইহান ঝটপট সেগুলো করা শুরু করল। প্রথমে মামা ইহানকে বলল, তুমি যেই সংখ্যাটি অনুমান করেছ, তার সাথে ২ গুণ করো। তারপর যে সংখ্যাটি এল (৫ X ২=১০) তার সাথে ২ যোগ কর (১০+২=১২)। এবার তার সাথে ৫ গুণ কর (১২ X ৫=৬০)। ইহান এই যোগ, বিয়োগ, গুণ মামাকে না দেখিয়ে করছিল। এরপর যেই সংখ্যাটি এল অর্থাত্ ৬০ থেকে একটি সংখ্যা বিয়োগ করলেই ম্যাজিক হয়ে যাবে। তাই তার মামা মনে মনে একটু চিন্তা করে একটি সংখ্যা বিয়োগ করতে বলল আর সেই সংখ্যাটি হলো ৭। মূলত ইহানের মামা ৭ বিয়োগ করতে বলল, কারণ হলো মামা নিজে যেই সংখ্যাটি অনুমান করেছিল ১০ থেকে সেই অনুমান করা সংখ্যাটি বিয়োগ করলে ৭ হয় (১০-৩=৭)। ইহান আবারও ঝটপট ৬০ থেকে ৭ বিয়োগ করে ফেলল (৬০-৭=৫৩)। এবার ইহানের মামা জিজ্ঞেস করল—যে সংখ্যাটি বের হলো, তা কত? ইহান উত্তর দিল ৫৩। তার মামা এবার তার অনুমান করে লিখে রাখা কাগজের টুকরাটি দেখিয়ে বলল, দেখ ইহান, যে সংখ্যাটি এসেছে তার বাম পাশের অঙ্কটি ৫, যেটি তুমি অনুমান করেছিলে এবং ডান পাশের অঙ্কটি ৩, যেটি আমি অনুমান করেছিলাম। ইহান তো খুবই অবাক হয়ে গেল এবং মামার কাছে ম্যাজিকটি ভালো করে শিখে নিল যেন ক্লাসের বন্ধুদের গিয়ে সে দেখাতে পারে।
ইহানের মতো তোমরাও যেন তোমাদের বন্ধুদের ম্যাজিকটি দেখাতে পার, তাই আবার সংক্ষেপে এখানে তোমাদের পদ্ধতিটি বলে দেওয়া হলো—
তোমার বন্ধুকে ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো একটি সংখ্যা অনুমান করে লিখতে বলো এবং তুমিও একইভাবে ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো একটি সংখ্যা ছোট্ট একটি কাগজে লিখে রাখো। তারপর তোমার বন্ধুকে পর্যায়ক্রমে নিচের কাজটি করতে বল তোমাকে না দেখিয়ে—
তোমার বন্ধুর অনুমান করা সংখ্যার সাথে ২ গুণ। তারপর তার সাথে ২ যোগ করে ৫ দিয়ে গুণ। এখন মনে মনে তুমি তোমার অনুমান করা সংখ্যাটিকে ১০ থেকে বিয়োগ করলে বিয়োগফল যা হয় এবার তা তোমার বন্ধুকে বিয়োগ করতে বল। দেখবে যে সংখ্যাটি বের হবে, তার বামপাশের অঙ্কটি তোমার বন্ধুর অনুমান করা এবং ডানপাশের অঙ্কটি তোমার অনুমান করা।
[{(তোমার বন্ধুর অনুমান করা সংখ্যা X ২)+২}X৫]-(১০-তোমার অনুমান করা সংখ্যা)=সংখ্যাটির বামপাশের অঙ্কটি তোমার বন্ধুর অনুমান করা এবং ডানপাশের অঙ্কটি তোমার অনুমান করা।
