সিরিয়া থেকে ১০ হাজার শরণার্থী নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস বলছে, আগামী অর্থবছরে যুক্তরাষ্ট্র যেন অধিক সংখ্যক শরণার্থী গ্রহণ করতে পারে সেই কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জস আর্নেস্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী বছর অন্তত দশ হাজার সিরিয় শরণার্থী নেবে। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর আগামী মাস থেকেই শুরু হবে। আর এ মাসেই সবধরনের কাজ শুরু হয়ে গেছে বলে জানান হোয়াইট হাউজ মুখপাত্র। নতুন করে সিরিয় শরণার্থী নেবার এ ঘোষণা আগের তুলনায় অনেক বেশি। সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির মাত্র এক হাজার পাঁচশ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে স্থান দিয়েছে ওবামা প্রশাসন।
IMG0
তবে যেভাবে লাখ লাখ সিরিয় নাগরিক ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় রয়েছে সে তুলনায় দশ হাজার সংখ্যাটি অনেক কম।
এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, তার দেশ বছরে পাঁচ লাখ করে কয়েক বছর পর্যন্ত শরণার্থী নিতে প্রস্তুত। এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখের মতো সিরিয়ার নাগরিককে আশ্রয় দিয়েছে দেশটি।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন তার দেশে প্রায় ২০ হাজারের মতো শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব। সূত্র: বিবিসি
