তোমাদের জন্য বই

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:১৪

আল ফাতাহ মামুন

ছন্দের তুলিতে ছড়ার রংধনু

কচুর পাতা ব্যাঙের ছাতা

আহমাদ উল্লাহ

প্রচ্ছদ ও অলঙ্করণ : গৌতম ঘোষ

প্রকাশক : পাঞ্জেরী পাবলিকেশন্স

দাম : ১৬০ টাকা।

আহমাদ উল্লাহ মূলত শিশুদের জন্য লেখেন। ছন্দের তুলিতে তিনি আঁকেন ছড়ার রংধনু। যেখানে রয়েছে নানান সাধের নানান বোধের মজার মজার সব ছড়া। ছন্দের দোলায় শিশুমনে আনন্দ এবং শুভ্রতা ছড়ান তিনি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে।

দীর্ঘ সময় লেখালেখি থেকে দূরে ছিলেন তিনি। বিরতি কাটেন ‘ছড়া পাতার নৌকা’ বেয়ে। লেখায় ফিরেই জাত চিনিয়েছেন আহমাদ উল্লাহ। পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ২০১৭। এবারের মেলায় এসেছে তাঁর ছড়াগ্রন্থ ‘কচুর পাতা ব্যাঙের ছাতা’। ২৮ পৃষ্ঠার বইটিতে ছড়া আছে মোট চব্বিশটি।

ছড়ার বড়া, কচুর ফুল, ভূতের পুত, অদ্ভুদ কাণ্ড’র মতো ছড়া যেমন আছে বইটিতে, তেমনি আছে ভাবনার পাখি, আমার মায়ের মন বনে, মন ভেঙো না কারো’র মতো শিশুমনে দাগ কাটা ছড়াও। ভূতের পুত ছড়াটি শুনি—‘অই মিয়া অই/এক্ষুনি ছিলে তুমি/দেখছি না কই।/এই মিয়া এই/এইখানে দেখলাম/আর এখন নেই।/ব্যাপারটা সত্যি/ভারি অদ্ভুত!/এই-অই মনে হয়/ভুতুদের পুত।’

এবার ‘মন ভেঙো না কারো’ ছড়াটি দেখি—মনের নদী/ ভেতর বুকে বয়।/মনের সঙ্গে মনের পরিচয়।/ মন ভেঙে দেয় চিন্তা/পাড় ভেঙে দেয় ঢেউ।/মন-নদীটার খোঁজ রাখে না/যুবক বেলায় কেউ।/এই সাধনা/করতে যদি পারো,/মন ভেঙো না কারো।

হাসির ছলে গভীর কথা বলতে পারাই বোধ হয় আহমাদ উল্লাহর কৃতিত্ব। কচুর পাতা ব্যাঙের ছাতায়ও এই অসাধারণ পারিদর্শিতা ফুটে উঠেছে।