বানারীপাড়ায় তিন ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪১
বরিশাল বানারীপাড়া উপজেলায় বাড়ির সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তিন কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
 
শুক্রবার বেলা আড়াইটায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের পশ্চিম জিরাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম জিরাকাঠি গ্রামের এমইএসএর ঠিকাদার মো. হাবিবুর রহমান খলিফা তার নিজ বাড়িতে সীমানার দেয়াল নির্মাণ কাজ করছিলেন। এ সময় তার জ্ঞাতি চাচাতো ভাই আবুবক্কর খলিফার ছেলে বিএনপির ক্যাডার কামাল হোসেন খলিফা, জামাল হোসেন খলিফা ও বাচ্চু খলিফাসহ অপরিচিত ২/৩ জন ওই দেয়াল তাদের জমির অংশে পড়েছে দাবি করে তা ভেঙ্গে ফেলে। এ সময় তাদেরকে হাবিবুর রহমান ও তার ছেলেরা বাধা দিলে তারা হাবিবুর রহমানের বড় ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্র জাহিদুল ইসলামকে পিটিয়ে ও মেঝ ছেলে কলেজ ছাত্র রাসেদুল ইসলাম এবং নাতি রাসেল আকনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় দেয়াল নির্মাণ কাজের স্থানে দুপুরের খাবার নিয়ে আসা হাবিবুর রহমানের শ্যালক পুত্র কলেজ ছাত্র সজিবকেও তারা বেদম মারধর করে। এ সময় বাচ্চু খলিফা ঠিকাদার হাবিবুর রহমানের পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
 
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’