পুরনো ঢাকায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ২২:৪৩
 
পুরনো ঢাকা থেকে প্রায় সাড়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নজরুল ইসলাম, তার স্ত্রী শেফালী, রুবেল ও ইমরান। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা টিম বৃহস্পতিবার রাতে  বংশালের ২০/এ সামসাবাদ থেকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
 
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের  অতিরিক্ত পরিচালক ( গোয়েন্দা) জাফরুল্লাহ কাজল জানান, নজরুল ইসলাম একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে ঢাকায় বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। কিন্তু প্রমাণের অভাবে তাকে এতদিন গ্রেফতার করা যায়নি। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় ১৪ হাজার ২৭৫ পিস ইয়াবা।