সাতক্ষীরার আশাশুনিতে চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ডাকাতদের হামলায় স্থানীয় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর আড়াইটার দিকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- খাজরা গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও আনারুল ইসলাম (৩৮)। রাতেই তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনার কয়রা উপজেলার জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটককৃতদের মধ্যে মঞ্জুরুল, তকমারুল ও কালামের নাম জানা গেছে। তাদের পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রাম দা নিয়ে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় সাইফুল ও আনারুল নামে স্থানীয় দুইজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে ৩টি রাম দাসহ চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। রাতে আহতদের পুলিশ পাহারায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
