জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।
বহিষ্কৃতরা হলেন- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রেডাকশন বিভাগের ১৪ ব্যাচের মোহাম্মদ নুরউদ্দিন এবং মেকানিক্যাল বিভাগের ১৩ ব্যাচের আবু বারাকাত মোহাম্মদ রফিকুল হাসান।
তারা দুইজনই শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।
নুরউদ্দিন শেরে বাংলা হলের বর্ধিত ভবন-২ এবং রফিকুল হাসান মূল ভবনের ২০০৭ নম্বর কক্ষে থাকতেন।
শুক্রবার বিকালে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দুইজনকে জঙ্গি সন্দেহে আটকের পর ছাত্রলীগ কর্মীরা তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করে। তাদের দুজনকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তাদের পুলিশে সোপর্দ করা হয়নি।
ওই দুজনের রুমে তল্লাশি চালিয়ে জিহাদি বই ও ভিডিও পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, “তাদের কাছ থেকে পাওয়া তথ্যে রফিকুল হাসান আইএস ও আনসারুল্লার বাংলা টিমের সঙ্গে জড়িত।”
নুরউদ্দিন আগে ছাত্রশিবির করত বলে প্রশাসনের কাছে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, “নুরউদ্দিনের খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে লেখা পাওয়া গেছে।”
