পায়ে গুলি, গায়ে গুলি
গুলি খাওয়া দাঁত
চোখের সামনে একাত্তরের
ভয়াল কালো রাত!
চোখের সামনে একাত্তরের
যুদ্ধ খেলার দিন
রোদ মাখানো খোলা আকাশ
হঠাত্ পরাধীন।
রাজারবাগের আগুন চোখে
ঘোড়াঘাটের ছাই
উর্দুভাষি পিশাচটা কে?
মেজর! না কসাই?
আশুগঞ্জে অসংখ্য লাশ
ছিটানো কঙ্কাল
শরীর বেয়ে রক্ত ঝরে
রক্ত, রক্ত, লাল।
চোখের সামনে দূষিত গাঙ
রক্তমেশা জল
বিহারি চিল, নিষ্ঠুরতা
কমান্ডো টহল।
চোখের সামনে গঙ্গাশালিক
এক গুলিতে খুন
ঠুকরে ঠুকরে কাঁচা মাংস
খাচ্ছে কে? শকুন।
চোখের সামনে ধীরে ধীরে
ছড়ানো উত্তাপ
কিশোর সেনার কাঁপা আঙুল
ট্রিগারে দেয় চাপ।
হাতে হাতে ভাঙা পিস্তল
বর্ষা ও বল্লম
অপারেশন আর মহড়া
সারা গা ছমছম।
চোখের সামনে পাঞ্জাবি ওই
মিলিটারি দল
পেঁচার ঠোঁটে ইঁদুর যেন
আচমকা দুর্বল।
চোখের সামনে জেনারেলের
ঐতিহাসিক ‘সই’
সারা দেশে বিজয় মিছিল
আনন্দ হইচই।
