নেপালে সহিংসতায় নিহত ৬

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১২:১৭
নেপালের প্রস্তাবিত নতুন সংবিধান নিয়ে চলমান সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও পাঁচজন বিক্ষোভকারী রয়েছেন। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তারা নিহত হন। শনিবার বার্তা এএফপির খবরে তা জানানো হয়। 
 
দেশটির পুলিশের মুখপাত্র কামাল সিং বাম বলেন, 'শুক্রবার সহিংস বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে ওই পাঁচ বিক্ষোভকারী নিহত হন। তাদের মধ্যে মাহোত্তারি জেলার দুজন ও ধানুসা জেলার তিনজন রয়েছেন। এ ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও নিহত হন।
 
আর্মড পুলিশের মুখপাত্র পুষ্পরাম কেসি বলেন, এই সহিংস বিক্ষোভকারীরা মাহোত্তারি এলাকায় কর্তব্যরত অবস্থায় পুলিশের এক কর্মকর্তাকে বেদম মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেড় শতাধিক বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। তারা আহত পুলিশ কর্মকর্তাকে ছুড়ে ফেলে দিয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়। এতে ওই আহত পুলিশ কর্মকর্তা মারা যান।