জাপানের রাজধানী টোকিওতে একটি মাঝারি আকারের ভূমিকম্প হয়েছে। শনিবারের এই ভূমিকম্পে টোকিওর ভবনগুলো কেঁপে ওঠে।যারা রাস্তায় ছিল তারাও কম্পন অনুভব করে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৪৯ মিনিটে আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটি ৭০ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয়রা জানান, ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী নয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, এই ঘটনায় এক নারী তার বিছানা থেকে মাটিতে পড়ে যান। এছাড়াও এই ভূমিকম্পের কারণে আরও ছোটখাট কয়েকটি আহতের ঘটনার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের কারণে টোকিও সাবওয়ে ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে শিগগিরই তা আবার চালু করা হয়।
ভূমিকম্পে যে স্থানে পরমাণু কেন্দ্র রয়েছে, সে এলাকার কোনো ক্ষতি হয়নি।
-এএফপি
