কুমিল্লার মুরাদনগরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান সরকারকে (৬২) কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তার সঙ্গে থাকা নগদ অর্থ লুটে নেয়ার অভিযোগও পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় নবীপুরের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন- মৃত আজগর আলীর ছেলে নাজিম উদ্দিন (৪৫), তার দুই ছেলে খায়ের (২২), আবু তাহেরসহ ৫-৭ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোখলছুর রহমান টাকা নিয়ে একই গ্রামের মোশাররফ কাজীকে দেয়ার জন্য যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে হামলা করে। তারা কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন মোখলেছ মিয়াকে মুাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ব্যাপারে আহত মোখলেছ মিয়া জানান, নাজিম উদ্দিন তার দুই ছেলেসহ ৫-৭ জন আমার ওপর হামলা চালায়। আমাকে জখম করে। সঙ্গে থাকা নগদ সাড়ে চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত নাজিম উদ্দিন জানান, এ অভিযোগটি সত্য নয়। তাদের সঙ্গে আমাদের আগের শত্রুতার জেরে শুক্রবার রাতে কথা কাটাকাটি হয়। এতে আমি ও আমার ছেলে আহত হয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে। লিখিত অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
