ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস শুক্রবার তুরস্কে তাদের এক ‘অনারারি কনসাল’কে সাময়িক বরখাস্ত করেছেন। শরণার্থীদের কাছে রাবার ডিঙ্গি ও লাইফ জ্যাকেট বিক্রি করায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। কেননা এর মাধ্যমে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমানোর ক্ষেত্রে অনেক শরনার্থীর জীবন বিপদসঙ্কুল হয়ে উঠে। খবর বিবিসি ও টেলিগ্রাফের।
পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রোমেইন নাদাল বলেন, অনারারি কনসালকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। ফ্রানকোয়েস ওলকে নামে ওই নারী কূটনীতিককে ইস্তাম্বুলে কনসাল জেনারেলের মাধ্যমে তার সাময়িক বরখাস্তের নির্দেশ পাঠানো হয়।
ওলকে ২০১৪ সালের অক্টোবর থেকে সেখানে দায়িত্বরত ছিলেন।
এক টেলিভিশন রিপোর্টে বলা হয়, কূটনীতিককে শরনার্থীদের কাছে ডিঙ্গি নৌকা ও লাইফ জ্যাকেট বিক্রি করতে দেখা গেছে। তিনি তুরস্কের রিসোর্ট শহর বদরুমের একটি দোকানে এসব বিক্রি করেন বলে বলা হয়। আর এগুলো বিক্রির পিছনে কারণ হচ্ছে যাতে করে শরণার্থীরা গ্রিক দ্বীপসমূহে পৌঁছাতে পারে। ফরাসি এক টেলিভিশনের গোপন ক্যামেরায় এটি ধরা পড়ে।
এ ব্যাপারে জড়িত থাকার সত্যতা স্বীকার করে ওলকে বলেন, এর সঙ্গে তুরস্ক কর্তৃপক্ষও জড়িত রয়েছে। সাম্প্রতিক সময়ে ‘বদরুম’ এর বিষয়টি সারা বিশ্বের মিডিয়ায় ঝড় তোলে। তিন বছর বয়সী শিশু আয়লান কুর্দির মৃতদেহ এই সমুদ্র সৈকতে ভেসে উঠে। ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে পড়ে থাকে। নৌকাডুবির পর তার মৃতদেহ সেখানে ভেসে উঠে।
