যুক্তরাষ্ট্রের পাটের বাজার অন্বেষণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান।
ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, বর্তমান সরকার পাটের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে। এসময় তিনি বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে পাটজাত দ্রব্যের বিপণনের জন্য ব্যাপক প্রচার অভিযান পরিচালনারও আহ্বান জানান।
মতবিনিময় সভায় পাটমন্ত্রী আরো বলেন, ক্রেতাদের মাঝে পরিবেশ দূষণ হ্রাসে পাটজাত পণ্যের কার্যকারিতা তুলে ধরতে পারলে যুক্তরাষ্ট্রে পাটজাত দ্রব্যের বাজার সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সভায় সরকারের পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি বাজার অন্বেষণের বিষয়ে উপস্থিত ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। অনুষ্ঠান শেষে তিনি পাটের তৈরি পণ্য উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নাইন-ইলেভেনে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত-এর পরে বর্তমানে যুক্তরাষ্ট্রে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
