ফরিদপুরের সালথায় সোহেল খান (২৮) ও শাকিল খান (২৪) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উভয়ই মোড়হাট গ্রামের মৃত সাহিদ খানের ছেলে। এদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লিয়াকত হোসেন খান দুলাল নামে এক ব্যক্তিকে মারার হুমকি দেয় সোহেল ও শাকিল। এ ঘটনার পর ওদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন দুলাল। দুলালের আপন ভাতিজা সোহেল ও শাকিল।
সালথা থানার এ এসআই মনিরুল ইসলাম জানান, লিয়াকত হোসেন খান দুলালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোহেল ও শাকিলকে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী জানায়- সোহেল, শাকিল ও হিমেল নামের এই ৩ সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাইসহ প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করে আসছে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। ২০১০ সালের ২৪ সেপ্টেম্বার উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামের ব্যবসায়ী মজিবর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে এই সন্ত্রাসী বাহিনী।
