গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা’র বিভক্তির অবসান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৭
 
নিউইয়র্কে আঞ্চলিক সংগঠন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা ইন্‌ক-এর দ্বিধাবিভক্তির স্থায়ী অবসান হতে চলেছে। নির্বাচন নিয়ে বিরোধে দীর্ঘদিন সংগঠনটি বিভক্ত হয়ে পড়েছিল। গঠিত হয়েছিল পাল্টা কমিটি। এ নিয়ে এক পক্ষ আদালতের শরণাপন্ন হলে প্রায় দেড় বছর পর গত ৩ সেপ্টেম্বর রায় দেয়া হয়। রায়ে হিরু-মনির নেতৃত্বাধীন বর্তমান কমিটি বৈধ বলে বিবেচিত করা হয়। এছাড়া আদালতের নির্দেশে একক সংগঠন হিসাবে প্রতিষ্ঠা পেলো গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা ইন্ক। অন্য কেউ এই সংগঠনের নাম ব্যবহার করতে পারবে না।
 
একটি সূত্র জানায়, গত বছর গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা ইন্‌ক-এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ওয়াসিয়ার রহমানকে প্রধান করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচনে ফুলু-রমা ও মাসুদ-ইলিয়ার প্যানেলভিত্তিক নির্বাচনে অংশ নেন। কিন্তু দেড়শ জনকে ভোটার করা নিয়ে সংকট দেখা দেয়। ফুলু-রমা প্যানেল ঐ দেড়শ জনের তালিকা ভুয়া আখ্যায়িত করে যাচাই-বাছাই করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানায়। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি আমলে না নিয়ে মাসুদ-ইলিয়ার প্যানেলের পক্ষাবলম্বন করে। ফলে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তত্কালীন কার্যকরী কমিটি প্রধান নির্বাচন কমিশনার ওয়াসিয়ার রহমানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। কিন্তু তিনি কার্যকরী কমিটির সিদ্ধান্ত না মেনে বরং মাসুদ-ইলিয়ার প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন। তত্কালীন কার্যকরী কমিটিও পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ফুলু-রমা প্যানেলকে নতুন কমিটির দায়িত্ব দেয়। এভাবেই দুই ভাগ হয়ে পড়ে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা ইন্‌ক।
 
এদিকে পাল্টাপাল্টি কমিটির কার্যক্রম চলাকালে ফুলু-রমার নেতৃত্বাধীন কার্যকরী কমিটির বিরুদ্ধে কুইন্স কাউন্টির নিউইয়র্ক সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন মাসুদ-ইলিয়ার প্যানেলের মোল্লা এমএ মাসুদ এবং ইলিয়ার রহমান। তারা নিজেদের বৈধ কমিটি দাবি করে আদালতের নির্দেশনাও চান। পরে আদালত বিবাদীর কাছে জবাব চাইলে তথ্য প্রমাণসহ আদালতে জবাব দেয় ফুলু-রমা প্যানেল।
 
ঐ মামলায় মতিয়ার রহমান ফুলু, রমাকান্ত বিশ্বাস, বিএম জাকির হোসেন হিরু এবং জিএইচ আরজুকেও বিবাদী করা হয়। বিবাদী পক্ষের জবাব ও শুনানির পর বিজ্ঞ বিচারক গত ৩ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন। ঐ রায়ে প্রধান নির্বাচন কমিশনার ওয়াসিয়ার রহমানের বরখাস্ত আদেশ সঠিক এবং মাসুদ-ইলিয়ার কমিটি অবৈধ ঘোষণা করা হয়। 
উল্লেখ্য, ফুলু-রমা কার্যকরী কমিটির মেয়াদ শেষে বিএম জাকির হোসেন হিরু সভাপতি এবং মিজানুর রহমান মনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।