উদ্বাস্তুদের ৩০০ কোটি ইউরো দিতে হাঙ্গেরির আহ্বান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০১
 
ইউরোপে অভিবাসী আগমন ঠেকাতে সিরিয়ার প্রতিবেশি দেশগুলোকে ৩০০ কোটি ইউরো আর্থিক সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। শুক্রবার জার্মানির একটি সংবাদপত্রে সাক্ষাত্কার দানকালে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) এ আহ্বান জানান তিনি। খবর বিবিসির।
 
জার্মানির বিল্ড নামে একটি সংবাদপত্রে সাক্ষাত্কার দানকালে হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী অরবান বলেন, অভিবাসীদের স্রোত ঠেকাতে হলে তুরস্ক, লেবানন এবং জর্ডানকে এই প্যাকেজ সহায়তা করতে হবে। এ অর্থ সিরিয়ায় বেসামরিক যুদ্ধের ফলে উদ্বাস্তুদের সহায়তায় কার্যকর হবে। এ বছর দেড় লাখ অভিবাসী হাঙ্গেরিতে অবস্থান নিয়েছে। যেটি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। তবে আগামী সপ্তাহ থেকে যারা দেশটিতে ঢুকবে তাদেরকে অবৈধ হিসেবে আটক করা হবে।
 
অরবান বলেন, ইইউর প্রতিটি দেশ মিলে ৩০০ কোটি ইউরো তহবিল গঠন করতে পারে। দেশগুলোর বাজেটের শতকরা এক ভাগ বেশি  অথবা তাদের নিয়মিত ব্যয় এক ভাগ কমালেই এ অর্থের সংকুলান হয়ে যাবে।
 
তিনি বলেন, ইইউর আগামী বৈঠকে এ পরিকল্পনাটি পেশ করা হবে।