ভ্যাটবিরোধী আন্দোলনে সিলেটের শিক্ষার্থীরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ভ্যাট প্রত্যাহার এবং ভ্যাটবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শনিবারও রাজপথে নামে সিলেটের শিক্ষার্থীরা।
 
শনিবার সকাল ১১টা থেকে সিলেট মহানগীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালের কয়েক শ শিক্ষার্থী প্রচণ্ড গরম উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। এ সময় তারা অবিলম্বে শিক্ষার উপর থেকে অন্যায্য ও অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।
 
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ-ইস্ট  ইউনিভার্সিটি, উইমেন্স মেডিক্যাল কলেজ, নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী আন্দোলনে রাজপথে নামেন। এ সময় ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  বক্তব্য রাখেন।
 
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। এই অধিকারের উপর কোনো রকম ভ্যাট মেনে নেয়া হবে না। ভ্যাটবিরোধী আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন। একই সঙ্গে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।