ভারতে দুরন্ত এক্সপ্রেস লাইনচ্যুত: ২ জনের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০৭
 
কর্ণাটকে দুরন্ত এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। বিরতিহীন এই ট্রেনটি তেলেঙ্গানার সিকান্দারাবাদ থেকে মুম্বাই যাচ্ছিল। দুর্ঘটনায় আরো ১২ জন আহত হয়েছে।
 
কালবার্গি পুলিশের সুপারিন্টেনডেন্ট অমিত সিং বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে কালবার্গি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মারতুর গ্রামের স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছে।
 
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাত সোয়া দুটার সময় ট্রেনটি ৯ টি বগি লাইনচ্যুত হয়।
 
রেলওয়ে সূত্রে জানা গেছে, বগিগুলো ও যাত্রীদের উদ্ধারে তৎপরতা চলছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে দুটি দল পাঠিয়েছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে এই দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেন যাত্রা স্থগিত করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস