তুরস্কের বোদরামে নিযুক্ত দূতকে বরখাস্ত করেছে ফ্রান্স সরকার। ওই ফরাসী দূতের মালিকানাধীন একটি দোকান থেকে অভিবাসন প্রত্যাশীদের কাছে নৌকা বিক্রি করা হচ্ছে টিভিতে এমন প্রতিবেদন প্রচার করার পর এই ব্যবস্থা নিলো দেশটির কর্তৃপক্ষ।
তুরস্কের ওই শহরটির সৈকতেই আইলান কুর্দির মৃতদেহ পড়ে ছিল। মৃত শরণার্থী শিশুটির লাশের ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফ্রান্স ২ চ্যানেলে প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, দোকানটি থেকে অভিবাসন প্রত্যাশীদের ছোট নৌকা ও লাইফ জ্যাকেট বিক্রি করা হচ্ছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এবছরের প্রথম সাত মাসে এক লাখ ২৪ হাজার মানুষ গ্রিসে গিয়ে পৌঁছেছে।
মিজ. ওকলে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, 'আমি যদি এসব বিক্রি না করতাম তাহলে অন্য কোথাও থেকে তারা তা সংগ্রহ করতো।' তুরস্কের স্থানীয় কর্তৃপক্ষও এই ব্যবসার সাথে জড়িত বলে তার অভিযোগ।
