শিশুদের দেখাশোনায় দাদী-নানী ধার নেয়ার ব্যবস্থা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ০৯:০৩


রাশিয়ায় ছোট শিশুদের দেখাশোনার জন্য এখন ‘দাদী’ বা ‘নানী’ ধার নেয়ার সুবিধা চালু হচ্ছে। যে দাতব্য সংস্থা এই ‘বাবুশকা’ ধার দেয়ার সেবা চালু করছে তাদের উদ্দেশ্য অবসরে যাওয়া প্রবীনদের জীবন মান উন্নয়ন। বিবিসি মনিটরিং রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল এনটিভিকে উদ্ধৃত করে এই খবর দিচ্ছে।

মস্কোর খুব কাছে ভ্লাদিমির অঞ্চলে এই ব্যবস্থা চালু হচ্ছে। যেসব বাবা-মা কিছুক্ষণের জন্য ছোট ছোট শিশুদের কারও জিম্মায় রেখে যেতে চান, তারা ঘণ্টা হিসেবে ‘বাবুশকা’ অর্থাৎ দাদী বা নানীদের ধার নিতে পারবেন। এজন্যে তাদের কোন অর্থ দিতে হবে না।

গত অগাস্টে চালু হওয়া এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ৩৫ জন স্বেচ্ছাসেবক। এরা সবাই অবসর জীবনে আছেন। এখন এই কর্মসূচি মস্কোতে সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে।

একজন মা এই কর্মসূচির প্রশংসা করে বলেন, “আমি এই সার্ভিস ব্যবহার করছি, এতে আমার খুবই উপকার হচ্ছে।"

অন্যদিকে যে প্রবীন মহিলারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তারাও জানিয়েছেন, এতে তাদের সময়টা ভালোই কাটছে।

-বিবিসি