'আয়লান কুর্দির বাবার সঙ্গে পাচারকারীদের সম্পর্ক আছে'

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৩৬


আয়লান কুর্দির বাবা আব্দুল্লাহ কুর্দি নিজেই পাচারকারীদের সাথে কাজ করতেন বলে অভিযোগ করেছেন দুই সন্তান হারানো ইরাকি এক দম্পতি। তাদের দেয়া তথ্য মতে, আয়লানের বাবাই সেদিন ডুবে যাওয়া নৌকাটি চালাচ্ছিলেন। খবর দ্য হিন্দু’র।

ইরাকি শরণার্থী আহমেদ হাদি জওয়াদ এবং তার স্ত্রী বার্তা সংস্থা রয়টার্সের কাছে বলেন, সেদিন ডুবে যাওয়া নৌকাটি আব্দুল্লাহ চালাচ্ছিলেন। তার সাথে পাচারকারীদের সম্পর্ক থাকতে পারে। বড় একটা ঢেউ এসে নৌকাটিকে আঘাত করার পর আতঙ্কগ্রস্ত হয়ে আব্দুল্লাহ নৌকার গতি বাড়িয়ে দেন। ঐ দুর্ঘটনায় ইরাকি দম্পতি তাদের ১১ বছরের মেয়ে এবং ৯ বছরের ছেলেকে হারান। দুর্ঘটনার পর আব্দুল্লাহ জানিয়ে ছিলেন অন্য কেউ নৌকাটি চালাচ্ছিলো। ইরাকি দম্পতির এই বক্তব্যের পর আব্দুল্লাহ’র ভূমিকা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। নৌকায় থাকা তৃতীয় এক যাত্রী ইরাকি দম্পতির কথার সত্যতা স্বীকার করলেও এখনো এসব তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স।