গাজীপুরের শ্রীপুরে টমটম ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
রবিবার সকাল ৭টার দিকে শ্রীপুরের জৈনাবাজার-কাওরাইদ সড়কের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম লিয়াকত আলী (২৭)। তিনি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী গ্রামের দুলাল মিয়ার ছেলে। অন্য হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার এসআই মো. গোলাম কিবরিয়া জানান, সকালে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে কাওরাইদগামী মাছ ভর্তি টমটম ও জৈনা বাজারগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিয়াকত আলী ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে চার যাত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। পরে হাসপাতালে আরো এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
