গাংনীতে স্যালোইঞ্জিন চালিত আলগামনের চাকায় পিষ্ট হয়ে রিয়াদ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার সময় ভাটপাড়া নীলকুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ হোসেন গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের নীলকুঠিপাড়ার শরীফুল ইসলামের ছেলে। সে স্থানীয় কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনজিও পরিচালিত স্কুলের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
আলগামনের চালক ভাটপাড়া গ্রামের কামরুল ইসলাম জানান, বেশ কয়েকজন শিশু আলগামনে চড়ে স্কুলে যাচ্ছিল। আমি গাড়ি থামানোর আগেই শিশুটি লাফ দিয়ে সামনের চাকার নিচে পড়ে যায়। মূমূর্ষ অবস্থায় রিয়াদকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
