মিশরে সেনা অভিযানে নিহত ৬৬

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩১
মিশরের সিনাই উপদ্বীপে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৪ জন বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় আরো দুই সেনা নিহতের খবর পাওয়া গেছে। শনিবার বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের ষষ্ঠ দিনে এই ঘটনা ঘটে।
 
শনিবার সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।
 
২০১৩ সালে মিশরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে সিনাই উপদ্বীপটিতে মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের অনুগত বিদ্রোহীরা সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে। সরকারি হিসেব অনুযায়ী, বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত শতাধিক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।
 
সিনাইয়ে বিদ্রোহীদের সমূলে উৎপাটনের জন্য গত সোমবার অভিযান শুরু করে সেনাবাহিনী। এর আগে নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও সেনাবাহিনীর ওপর হামলার ভিডিও প্রকাশ করেছিল বিদ্রোহীরা।
 
সেনাবাহিনী  জানিয়েছে, গত ছয়দিনে সব মিলিয়ে ২৯৬ জন বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া অভিযান পরিচালনার সময় মোট আট সেনা সদস্য নিহত হয়।