পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কিয়ামুদ্দিন (৫০) নিখোঁজ হওয়ায় ঘটনাটি অপহরণ। অপহরণকারীরা কিয়ামুদ্দিনের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেন জানান। কিয়ামুদ্দিন কচুগাড়ী গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
পরিবারের সদস্যরাও মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রবিবার জানা গেল, কিয়ামুদ্দিনকে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, 'এমন খবর আমাদের কাছে এক সাংবাদিক জানান। কিন্তু এর সত্যতা এখনও মেলেনি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামে নৌকা বাইচ দেখে বাড়ি ফিরছিলেন কিয়ামুদ্দিন। পথিমধ্যে তিনি নিখোঁজ হন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে পরিবারের সদস্যরা জানান।'
