তারকা বচন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:৫৩

৭৭ বছর বয়সী দিলারা জামান। তারপরও একটি ম্যাগাজিনের প্রচ্ছদে পুরোপুরি ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। এ প্রসঙ্গে তিনি কথা বললেন—

 

অনেকেই বলছে আইস টুডের প্রচ্ছদে আমাকে বেশ ইয়ং দেখাচ্ছে। আসলে ইয়াং না! বুড়ো মানুষকে কি আর কেউ ইয়াং করতে পারে! একটু গর্জিয়াস লাগতে পারে হয়তো। দেখো না, ওয়েস্টার্ন বুড়িদের যেমন লাগে এ রকম লাগবে আর কি আমাকে, এই প্রচ্ছদে! এটাই প্ল্যান ছিল। ফারজানা শাকিলা আমার চুলটা বিদেশি বুড়ি মহিলাদের মতো উল্টো করে দিয়েছে আর কি! তবে আমার তারুণ্যের বয়সটা এখনো আমাকে টানে। পায়ে আলতা পরতাম, কপালে একটা টিপ, কখনো একটা হাতখোপা, টাঙ্গাইলের একটা শাড়ি! এগুলো আমি খুব মিস করি। সনাতন বাঙালিপনাকে আমি মিস করি। ওই জীবনটা, ওই সাদামাটা সাজটা কখনো কখনো খুব তাড়িত করে। এই বয়সে তো আর এগুলো লাগাতে পারি না, পরতে পারি না, কিন্তু খুব টানে আমাকে এই বিষয়গুলো। আমার জীবনে ফেলে আসা তরুণী বয়সের সেই বিশ-পঁচিশ বছরের সময়কে খুব মিস করি।