সারা পৃথিবীতে নারীদের অধিকার সুনিশ্চিত করতে আজ পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নারী দিবস’। এ উপলক্ষে ছোটপর্দাজুড়ে চলবে নানা আয়োজন—
‘সমতায় নারী’
নারী দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের কথা নিয়ে অনুষ্ঠান ‘সমতায় নারী’। নাহিন শফিকের প্রযোজনায় এতে অংশগ্রহণ করেছেন রোকেয়া প্রাচী, ঝুমু খান, মাহবুবা চৌধুরী, আফরোজা নাজনীন সুমী, অ্যাডভোকেট বেনজীর, ড. মালিহা মান্নান আহমেদ ও সুরাইয়া খানম। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
‘আমাদের হেলেন’
বিশ্ব নারী দিবসের তাত্পর্যপূর্ণ গল্পে নারী নির্মাতা প্রীতি দত্ত নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘আমাদের হেলেনা’। টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শিপন মিত্র, মিলি বাশার, শরমিষ্ঠা, সিনথিয়া ইয়াসমিন, মুনতাহা, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।
‘কীর্তিমতী সম্মাননা’
রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০১৮’। নিজের কীর্তির মধ্য দিয়ে সমাজে অবদান রাখা চার নারীকে সম্মাননা প্রদান করা হবে এ অনুষ্ঠানে। অজয় পোদ্দারের প্রযোজনায় এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণা এবং নৃত্য পরিবেশন করবেন পূজা সেনগুপ্ত।
‘কল্যাণীয়াষু’
এটিএন বাংলায় রাত ৮টায় প্রচার হবে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘কল্যাণীয়াষু’। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঔপন্যাসিক সেলিনা হোসেন, বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহান।
‘মর্যাদায় গড়ি সমতা’
নারী দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মর্যাদায় গড়ি সমতা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহানা হুদা রঞ্জনা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহদী, সুকন্যা প্রাচী, রিসালাত রহমান, ফারহা জামান, ফারহানা হাফিজ, আনিসুল হক, মারুফ কবির ও আদিল খান। অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।
‘ওপারে দিগন্ত’
মাছরাঙা টিভিতে রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ওপারে দিগন্ত’। ইফফাত আরেফিন মাহমুদ তন্বীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, অর্ষা, তমালিকা কর্মকার প্রমুখ।
