ভারতের মধ্যপ্রদেশে রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় অবৈধভাবে বিস্ফোরক মজুদ করে রাখা দোকানের মালিককে খুঁজছে পুলিশ। ওই বিস্ফোরকের কারণেই বিস্ফোরণ ঘটেছিল। শনিবার ভয়াবহ ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত ৯০ জন। নিহতদের বেশিরভাগই কাছের একটি রেস্তোরাঁয় ছিল।
প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছিল, ওই রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটেই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এখন পুলিশ বলছে অবৈধভাবে মজুদ করা খনি বিস্ফোরক থেকেই ঘটেছে বিস্ফোরণ।
IMG0
রেস্তোরাঁটিতে কর্মী এবং স্কুলের ছাত্র ছাত্রীরা সকালের নাস্তা করছিল। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। বিস্ফোরক মজুদ করে রাখা দোকানটির মালিক রাজেন্দ্র কাসওয়ারেরবিস্ফোরক মজুদ করার আইনি ছাড়পত্র ছিল বলে জানানো হয়েছে খবরে। খনিএলাকা-সহ বিভিন্ন খোঁড়াখুঁড়িতে বিস্ফোরক সরবরাহের ব্যবসা করতেন রাজেন্দ্র।
কিন্তু তিনি অবৈধভাবে আবাসিক এলাকায় বিস্ফোরক মজুদ করেছিলেন। একারণে মানুষ হত্যার দায়ে তাকে খুঁজছে পুলিশ। রাষ্ট্রীয় কর্মকর্তারা ঘটনাটির বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
IMG1
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার সঞ্জয় দুবে বলেছেন, “রাজেন্দ্র পলাতক। তার একজন দোসর ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছে। তাকে বিস্ফোরক আইনের অওতায় অভিযুক্ত করা হয়েছে।”
সকাল সাড়ে ৮টার দিকে পেতলাবাদ এলাকার নতুন বাস স্ট্যান্ডের কাছে বিস্ফোরণের দুইটি ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই এলাকায় অনেক শ্রমিক বিক্ষিপ্তভাবে ঘুরাঘুরি করছিল এবং অনেকে বাসের জন্য অপেক্ষা করছিল।
দ্বিতীয় বিস্ফোরণটি অনেক বেশি মারাত্মক ছিল। যার আঘাতে ভবন ধসে পড়ে এবং অনেকে হতাহত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।
