অধ্যাপক প্রাণ গোপাল দত্ত আজ স্বেচ্ছা অবসরে যাচ্ছেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ০১:১৫

চাকরির মেয়াদ প্রায় চার বছর বাকি থাকতেই স্বেচ্ছা অবসরে যাচ্ছেন বিশিষ্ট চিকিত্সক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সর্বশেষ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। দুই মেয়াদে ৬ বছরের জন্য অত্যন্ত সাফল্যের সাথে উপাচার্যের দায়িত্ব পালনের পর তিনি অবসরে যাচ্ছেন।

 
২০০৯ সালের ২৫ মার্চ দায়িত্ব নেয়ার পরে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেছিলেন, তিন বছর মেয়াদ শেষে নিজ বিভাগে ফিরে যাবেন না। পরবর্তীতে সরকার তাকে তিন বছর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের কথা বিবেচনা করে আরও তিন বছরের জন্য উপাচার্য হিসাবে নিয়োগ দেন।
 
২০১৫ সালের ২৪ মার্চ তিনি দায়িত্বভার হস্তান্তর করে ছুটিতে যান। আজ সোমবার তার স্বেচ্ছায় অবসর নেয়ার কথা রয়েছে। ২০০৯ সালের ২৭ মার্চ সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেছিলেন, চিকিত্সক ও শিক্ষক হিসাবে ১৯৭৭-২০০৯ আমার ৩৩ বছরের অর্জন উপাচার্য হিসাবে বিসর্জন দেবো না।
 

 তার ৬ বছরের উপাচার্য থাকা কালে এক মিনিটের জন্যও চতুর্থ শ্রেণি, তৃতীয় শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, নার্স, চিকিত্সক এবং অধ্যাপকদের ধর্মঘট বা কর্ম বিরতি হয়নি।