চীনা মহিলার অন্ত্রে চোরাই হীরা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ০৯:০৫
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চোর সন্দেহে আটক এক চীনা মহিলার অন্ত্রে অস্ত্রোপচার করে তিন লাখ ডলার মূল্যের একটি হীরক খণ্ড উদ্ধার করা হয়েছে।
 
ব্যাংককে দামি অলঙ্কারের একটি প্রদর্শনী থেকে ছয় ক্যারাটের হীরক খণ্ডটি চুরি করে তা পাচারের উদ্দেশে ওই মহিলাটি তা গিলে ফেলে বলে ধারণা করা হচ্ছে।
 
চুরির সময় প্রদর্শনীর নিরাপত্তায় ক্যামেরায় তা ধরা পড়ে। 
 
থাইল্যান্ড ত্যাগ করার সময় ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার পুরুষ সহযাত্রীকেও আটক করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মহিলা চুরির কথা বারবার অস্বীকার করেন। কিন্তু এক্সরে করে দেখা যায় হীরক খণ্ডটি তার পাকস্থলী পেরিয়ে অন্ত্রের ভেতর রয়েছে।
 
বিভিন্ন ওষুধ খাইয়ে হীরক খণ্ডটি বের করার চেষ্টা করে ব্যর্থ হলে পায়ুপথে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। মহিলা এখন হাসপাতালে রয়েছেন।