বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সোমবার গণমাধ্যমকে বিষয়টি জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছাত্রলীগ নেতারা শনিবার এই আহ্বান জানিয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন গণমাধ্যমকে বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। সেখানে ভ্যাট প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি।”
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান ছাত্রলীগের প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার তাদের অবরোধে ঢাকা কার্যত অচল হয়ে গেলে সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়।
কিন্তু কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে- এই আশঙ্কায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। রবিবারও বিভিন্ন সড়কে তাদের অবরোধের কারণে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও ইতোমধ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভ্যাট নিয়ে পিছু হটার ইংগিত দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রবিবার বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা রিজিড অবস্থান নিইনি।… গত ছয় বছরে আমরা অনেক বিষয় রিভিউ করেছি।”
আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফও এর আগে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
-বিডিনিউজ
