মেহেরপুরের উজলপুরে সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান হাবিবকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৮ টার দিকে আমবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুরর রহমান হাবিব উজলপুর গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে।
নিহতের স্ত্রী লাইলী বেগম জানান, রবিবার বিকালে কুতুবপুর গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার জন্য বাড়ি থেকে বের হন হাবিব। তারপর থেকেই তিনি নিখোঁজ। সকালে বাড়ির পার্শ্ববর্তী কুতুবপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে স্থানীয় আব্দুল হাকিমের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তার দুই পা কোমর পর্যন্ত রসি দিয়ে বাঁধা ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান উল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সদর থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা পরিবার ও স্থানীয়রা নির্দিষ্ট করে বলতে পারেনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, হত্যাকাণ্ডের রহস্য পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। তার মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়েছে।
