বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ফুটবল: ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২০


বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে তারা ৩-০ গোলে ওজনপার্ক যুব সংঘকে হারিয়েছে। এ নিয়ে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ব্রঙ্কস ইউনাইটেড।

স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের কুইন্সের নিউটাউন অ্যাথলেটিক মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 
বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। প্রথমার্ধের ৩৪ মিনিটের সময় চ্যাম্পিয়ন দলের কৃতি খেলোয়ার কফিল সংঘবদ্ধ আক্রমণ থেকে পাওয়া বলে ডি বক্সের কাছ থেকে দর্শনীয় শর্টে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। জমে উঠে খেলা। এই অর্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর কোন গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের ৪৪ মিনিটের সময় বিজয়ী দলের অপর কৃতি খেলোয়ার সিদ্দিক চমৎকার শটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। এরপর খেলার ৭৮ মিনিটের সময় চ্যাম্পিয়ন দলের মারুফ আরো একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। বিশেষ করে যুব সংঘের ফ্রি কিক থেকে গোল করার সুযোগ দর্শকদের ব্যথিত করে।

IMG0

টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে চারজন এবং রানারআপ ওজন পার্ক যুবসংঘের পক্ষে তিনজন বিদেশি খেলোয়াড় অংশ নেন। ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে খেলেন ফয়েজ, সাদিক, সামি ও রাজ। অন্যদিকে যুবসংঘের পক্ষে খেলেন সাকিল, আবু ও নবী।

ব্রঙ্কস ইউনাইটেড: মিনহাজ, মারুফ, রাসেল, সিদ্দিক, রাজু, পিপলু, হাসান, ফয়েজ, সাদিক, সামি ও ফয়সাল। অতিরিক্ত: কফিল, সামি, সুমন, মাহিদ, রুমেল, কামাল ও নবিন।

যুব সংঘ: সাইফ, নবি, রামির, আবু, সাবলু, সুহেল, আশরাফ, বাবলু, সাকিল, ফারহান, শরিফ। অতিরিক্ত: জাহিদ, রুমেল, মুরাদ, অ্যাশ, অপু, জুবের, সাব্বির ও ইকবাল।

IMG1

এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ মহিউদ্দিন দেওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মঞ্জুর আহমেদ চৌধুরী, পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদীন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।

উদ্বোধনী ও পুরস্কার পরিচালনা করেন স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।

অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের সদস্য জসিম উদ্দিন খান মিঠু’র অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লিগ ও টুর্নামেন্ট উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও ‘ফুটবল লীগ’ শীর্ষক একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।