'প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হীনমন্যতা থেকে বেরিয়ে আসুন'

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২৪
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'দেশের পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্ব প্রেক্ষাপটে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা তার সাহসী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হয়েছেন। জাতির এমন অর্জনে দেশের অনেক রাজনৈতিক দল শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানাতে কার্পণ্য করে। আশা করবো, এবার তারা এ ধরণের হীনমন্যতা থেকে বেরিয়ে আসবে।' সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড.হাছান মাহমুদ এসব কথা বলেন।
 
ভ্যাট নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, 'আমি নিজেও ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। আন্দোলন করার অধিকার সবার আছে।তবে আন্দোলন যেন কোনোভাবেই জনদুর্ভোগের কারণ না হয়।'
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ব্যবসায়ী মনোবৃত্তি পরিহার করে শিক্ষানুরাগী মনোভাব পোষণ করার আহবান জানান।
মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতির কথা উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, 'শেখ হাসিনার সরকারই প্রথম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নিয়ম চালু করেছে।সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা জন্য কোটা চালু করেছে।'
 
সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ, ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানাসহ প্রমুখ।