সিঙ্গাপুর থেকে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর মরদেহ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে মন্ত্রীর মরদেহ গ্রহণ করবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মন্ত্রি পরিষদ সদস্যরা।
সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই সৈয়দ সলমান আলী এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ এনে রাখা হবে বারডেম হাসপাতালের মরচুয়ালে। বুধবার সকাল ১১টায় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১ম জানাযার নামায শেষে হেলিকপ্টারে করে মৌলভীবাজারে নিয়ে আসা হবে মন্ত্রীর মরদেহ। মৌলভীবাজারে মরহুমের ২য় জানাযার নামাজের সময়সূচি এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হলে লাইফ সাপোর্টে রাখা হয় মন্ত্রীকে। ৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে তাকে নেয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
