অভিবাসীদের অব্যাহত স্রোত ঠেকাতে জার্মানির সীমান্ত নিয়ন্ত্রণ করার ঘোষণার এক দিন পর ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করার কথা জানিয়েছে। এর মধ্যে সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া।
সেইসাথে হাঙ্গেরির সাথে অস্ট্রিয়ার সীমান্তেও নিয়ন্ত্রণ কঠোর করার কথা জানিয়েছে অস্ট্রিয়া। দেশটির ভাইস-চ্যান্সেলর রেইনহোল্ড মিটারলেহনার জানিয়েছেন, অভিবাসী সংকট সামলাতে তারা দু'হাজারেরও বেশি সৈন্য পাঠাচ্ছেন।
স্লোভাকিয়া ঘোষণা করেছে, সেদেশের সাথে অস্ট্রিয়া ও হাঙ্গেরির যে সীমান্ত রয়েছে - সেখানে প্রহরা জোরদার করা হচ্ছে। এর আগে চেক প্রজাতন্ত্রও একই রকম ব্যবস্থা নেয়।
IMG0
গত বেশকিছুদিন থেকেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থীদের আগমন অব্যাহত রয়েছে। উত্তর সিরিয়াসহ উত্তর আফ্রিকার দেশগুলো থেকে আসা এসব শরণার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো।
শরণার্থীদের মধ্যে বেশির ভাগেরই গন্তব্য জার্মানি। জার্মানি ভাইস চ্যান্সেলর জানিয়েছেন, এ বছর তাদের দেশে দশ লাখ শরণার্থী আসতে পারে। তবে এর আগে এই সংখ্যা ৮ লাখ হতে পারে বলে জানিয়েছিল চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সূত্র: বিবিসি
