গত মাসে ব্যাংককের এরাওয়ান মন্দিরে বোমা হামলার মূল হোতা তুরস্কে পালিয়ে গেছে বলে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ। ওই হামলায় ২০ জন নিহত হয়েছিলেন। এদের মধ্যে ১৪ জনই ছিলেন বিদেশি পর্যটক।
ঈশান নামে পরিচিত আব্দুসাত্তার আব্দুররেহমান ওই হামলার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করছে পুলিশ। তাদের ধারণা, চীনের সিনঝিয়াং প্রদেশের ২৭ বছর বয়সী ওই ব্যক্তি এখন ইস্তাম্বুলে আছেন।
এর কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়ার পুলিশ ব্যাংককে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক পাকিস্তানিসহ তিনজনকে আটক করার কথা জানায়। দুই মালয়েশীয় এবং একজন পাকিস্তানি নাগরিককে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।
