ভেনিজুয়েলায় আটক মার্কিন সাংবাদিক মুক্ত

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:২০

ভেনিজুয়েলায় আটক এক মার্কিন সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় ১২ ঘণ্টা আটক রাখার পর বুধবার রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। কোডি ওয়েডল নামের ওই সাংবাদিক কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় এবিসি নিউজ ও মিয়ামি হেরাল্ডসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

ভেনিজুয়েলার ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স জানায়, সকাল আটটায় ওয়েডলকে তার কারাকাসের বাসস্থান থেকে আটক করা হয়। সেই সময় তার কাজের জন্য কাছে থাকা যাবতীয় সরঞ্জামাদিও জব্দ করা হয়েছিল। কারাকাসের একটি এনজিও স্পাসিও পাবলিকো ওয়েডলের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করে। বুধবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কিমবার্লি ব্রেইয়ার এক টুইটার বার্তায় ওই সাংবাদিককে আটকের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করেন। —এএফপি