ফেনীতে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৪৩


ফেনীতে অস্ত্রসহ আবুল মনজুর সবুজ (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের হাজী কেরামত আলী সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আবুল মনজুর সবুজ সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

ফেনীর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে টহল দেয়ার সময় শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের হাজী কেরামত আলী সড়কের ভূঁইয়া ভিলার সামনে এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে থামতে বলা হয়। এ সময় সে মোটরসাইকেল দ্রুত অন্যদিকে মোড় নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা পুলিশের দলটি তাকে ধরে ফেলে। তার কোমর থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আটক সবুজের বিরুদ্ধে অস্ত্র মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।