রায়পুরে ভাতিজার লাথিতে চাচীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪৬
লক্ষ্মীপুরের রায়পুরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাথির আঘাতে হালিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম একই এলাকার আবুল কালেমের স্ত্রী। 
 
এঘটনায় ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। তবে পুলিশ রহস্যজনক কারণে ঘটনাস্থল থেকে কাউকে আটক করেনি বলেও অভিযোগ উঠেছে।
 
নিহতের স্বামী আবুল কালাম জানান, বাড়ির জমি নিয়ে বড় ভাই আবুল খায়েরের সঙ্গে তার বিরোধ চলে আসছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই সোমবার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বড় ভাই আবুল খায়েরের ছেলে রহিম তার স্ত্রী হালিমা বেগমের তল পেটে লাথি মারেন। এতে ঘটনাস্থলে হালিমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করেনি।
 
এঘটনায় অভিযুক্ত আবুল খায়ের ও তার ছেলে রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 
 
হায়দরগঞ্জ ফাঁড়ি থানার এসআই রফিক উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ বুঝতে না পারায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।